
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার ১ নম্বর আসামি ও তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী লালুকে (৩৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে আটটায় (১৯:৪৫ ঘটিকায়) এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২ এর বালুখালী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামি লালু (৩৭) উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-১২ এর ব্লক-জি/৬ এর মৃত সিদ্দিক আহমেদের ছেলে (এফসিএন-২৮৮৬৬)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসার (ARSA) একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে উখিয়া থানায় দায়েরকৃত দুটি হত্যা মামলার ১ নম্বর আসামিসহ বেশ কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে।
এ বিষয়ে এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধী যে-ই হোক না কেন, অপরাধ করে কারও পার পাওয়ার কোনো সুযোগ নেই। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।