দিদারুল আলম জিসান: কক্সবাজার
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত কার্গো বোট
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭০ হাজার কেজি সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।
এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচজনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।