
চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ার হারবাং এ সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী টমটমের (ইজিবাইক) ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টমটমটি চূর্ণবিচূর্ণ হয়ে তিন টুকরো হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ছোট্ট শিশুসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া আরও একাধিক যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হারবাং সাইফা কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির সেনাবাহিনীর একটি গাড়ির সাথে টমটমটির তীব্র সংঘর্ষ হলে মুহূর্তেই টমটমটি ভেঙে তিন টুকরো হয়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় শিকার যাত্রীরা চকরিয়ার উত্তর হারবাং ভান্ডারীরডেবা এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।