দিদারুল আলম জিসান: কক্সবাজার
সীমান্ত এলাকার মানুষের সহায়তায় কক্সবাজারের রামু সেক্টরের পক্ষ থেকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীনস্থ মোরনীপাড়া টিওবির দায়িত্বপূর্ণ এলাকার নিচু ফাতরাপাড়ার কারবারীর হাতে সোলার প্যানেল, ব্যাটারি ও আনুষঙ্গিক সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) এ সরঞ্জামাদি হস্তান্তর করা হয় বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সর্বদক্ষিণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে আসছে এ বাহিনী।
এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে নিচু ফাতরাপাড়ার কারবারীর হাতে সোলার প্যানেল, ব্যাটারি ও আনুষঙ্গিক সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার বেসামরিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায়ও কাজ করছে।