
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৯) নামের এক নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী। তিনি নিকট স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, সুগন্ধা এলাকায় ইজিবাইকে চলাচলের সময় আকস্মিকভাবে সীমা আক্তারের গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি জখম হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।