
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির একটি যৌথ দল জালিয়াপাড়া ব্রিজের সুইচগেট সংলগ্ন খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত সাড়ে ১২টার দিকে বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের সহায়তায় মিয়ানমার থেকে আসা কতিপয় ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে রাত আনুমানিক আড়াইটার দিকে তারা বস্তাসহ সাঁতরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে আভিযানিক দল তাদের ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. ইদ্রিসকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা বড় প্যাকেট তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আইনগত প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানিয়েছে, জব্দকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে।