
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র অসহায় ব্যক্তিদের ফুসলিয়ে ও জবরদস্তিমূলকভাবে নৌপথে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মোঃ ইব্রাহীমের বাড়িতে জড়ো করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খবর পেয়ে বিকেল আনুমানিক ৫:৪০ ঘটিকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি টিম।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে বন্দি অবস্থায় থাকা ১৭ জন পুরুষকে অক্ষত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে বান্দরবানের লামা থানার ৮ জন এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার ৯ জন রয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জবরদস্তিমূলক শ্রম আদায় ও আর্থিক লাভের উদ্দেশ্যে চক্রটি নিরীহ মানুষগুলোকে ফাঁদে ফেলে ওই স্থানে আটকে রেখেছিল।
ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।