ক্রীড়া প্রতিবেদক:
চকরিয়ার কাছে উখিয়া দলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন ও ক্ষোভভরা বার্তা দিয়েছেন দলটির ফুটবলার শেখ জামাল। দলের ব্যর্থতার জন্য নিম্নমানের বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তি ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তহীনতাকে দায়ী করে তিনি সংশ্লিষ্টদের জবাবদিহিতা দাবি করেছেন।
ম্যাচ পরবর্তী স্ট্যাটাসে শেখ জামাল মাঠের লড়াইয়ে দেশি ও বিদেশি খেলোয়াড়দের দায়বদ্ধতার বড় ফারাক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন:
"দেশের খেলোয়াড়রা যেভাবে দল ও দেশের জন্য ঝুঁকি নিয়ে, সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করে—বিদেশি খেলোয়াড়দের অনেকের মধ্যে সেই দায়বদ্ধতা বা লড়াইয়ের মানসিকতা দেখা যায় না।"
ভালো মানের খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকা সত্ত্বেও বারবার অকার্যকর খেলোয়াড় দলে নেওয়া নিয়ে তিনি সরাসরি ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তোলেন। জামাল লেখেন, ভালো মানের বিদেশি খেলোয়াড় আনার সুযোগ থাকা সত্ত্বেও কেন বারবার কমদামি ও নিম্নমানের খেলোয়াড় এনে দলকে দুর্বল করা হচ্ছে, তা বড় একটি প্রশ্ন।
দলের অর্থ বরাদ্দের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, ভালো মানের বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত টাকা কোথায় যায় এবং কার স্বার্থে এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে—তা খতিয়ে দেখা জরুরি। নিম্নমানের বিদেশি খেলোয়াড়দের কারণে দলকে বারবার পরাজয়ের গ্লানি টানতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি এসব অপেশাদার সিদ্ধান্তের সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করেন।
শেখ জামালের এই পোস্টটি প্রকাশের পরপরই স্থানীয় ফুটবলপ্রেমী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই খেলোয়াড়ের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে উখিয়া দলের দলবদল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।