দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন লিংক রোডের একটি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি হাছনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাছন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বিসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিবুল্লাহ ওরফে কালু।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় আদালত হাছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।