দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে বিজিবি অভিযান চালান।
এ সময় বিজিবির টহলদলকে দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ২০ কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।