কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ০৫ মিনিটে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ‘বি’ ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের (ব্লক-বি) বাসিন্দা সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)।
র্যাব জানায়, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। পরবর্তীতে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় কৌশলে ওই দুই নারীকে আটক করা হয়।
আটককৃতদের তল্লাশি ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সমছিদার কোমরে রাখা একটি কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি এবং লায়লা খাতুনের বসতঘরের আলনার পেছন থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।