কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদ আলম (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে রামুর মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৫, সিপিএসসির একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফরিদ আলম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার মৃত রশিদ আহম্মেদের ছেলে।
র্যাব জানায়, গত ২৯ জুলাই কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নামের এক যুবক নিখোঁজ হন। তদন্তে নেমে ১ আগস্ট মূল অভিযুক্ত নেজামুল হক শয়নকে গ্রেফতার এবং অপহৃত জাবেরকে জীবিত উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। সেই মামলার ২ নম্বর আসামি ফরিদ আলমকে শনাক্ত করে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।