কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সাবমেরিন ক্যাবল স্টেশন এলাকা থেকে মুজিবুর রহমান (৩৫) নামে এক থাইগ্লাস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ দোকানের ভেতর তারের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত মুজিবুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা এবং তিনি ওই থাইগ্লাস দোকানটির মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত তিনটার দিকে পার্শ্ববর্তী এক দোকানদার মুজিবুরকে তার দোকানের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, ঘটনার দিন বিকেলে এক নারীর সাথে মুজিবুরের তীব্র বাকবিতণ্ডা হতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ওই নারীর সাথে মুজিবুরের পরকীয়ার সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে বড় অঙ্কের টাকার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।
আরেকজন স্থানীয় ব্যবসায়ী জানান, সকালে মুজিবুর তার দোকানে মালামাল কিনতে এসেছিলেন। সে সময় তাকে প্রচণ্ড হতাশাগ্রস্ত ও চিন্তিত দেখাচ্ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিক আলামত ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, পরকীয়া ও মানসিক হতাশার জেরে মুজিবুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।