

কক্সবাজার: রামু থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ ইলিয়াছ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রামু থানার মোবাইল-৫(১) ডিউটি অফিসার এসআই (নিঃ) নিক্সন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রামু সেনানিবাসের এলিফ্যান্ট গেট এমপি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযানকালে আসামি মোঃ ইলিয়াছের হেফাজত থেকে ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইলিয়াছ (২৫) রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং গ্রামের ০৬নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সালাম এবং মায়ের নাম খুরশিদা বেগম।
কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভুইয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রামু থানা পুলিশ।