

কক্সবাজার শহরের ব্যস্ত কলাতলী মোড় এলাকায় র্যাব-১৫ এর একটি চমকপ্রদ অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে। কক্সবাজার সদর থানার আওতাধীন কলাতলী মোড় থেকে ইনানীগামী সড়কের মুখে, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাজার গেট সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের টহল ও আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
র্যাব সদস্যদের দেখে মাদক চক্রের সদস্যরা আতঙ্কিত হয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।