জাওয়ান উদ্দিন,
কক্সবাজার: কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লূৎফুর রহমান কাজল ঈদগাঁও উপজেলায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। বর্তমানে উপজেলায় অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য স্থানীয়ভাবে কোনো ফায়ার সার্ভিস ইউনিট না থাকায় জনগণ চরম দুর্ভোগে পড়েন।
নবনির্বাচিত এমপি লূৎফুর রহমান কাজল জনগণের এ দাবির প্রতি সাড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
আলোচনায় এমপি কাজল ঈদগাঁওয়ে অগ্রাধিকার ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, উপজেলার জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় একটি ফায়ার সার্ভিস স্টেশন অত্যন্ত জরুরি। এটি স্থাপিত হলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী এমপি কাজলের প্রস্তাব শুনে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এমপি কাজল আশা প্রকাশ করেছেন যে, সরকারের সহযোগিতায় শিগগিরই ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শুরু হবে।
উল্লেখ্য,সম্প্রতি ঈদগাঁও উপজেলাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ফায়ার সার্ভিস মহাপরিচালক বরাবরও চিঠি দিয়ে স্টেশন স্থাপনের দাবি জানিয়েছিলেন। এমপি কাজলের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন।