

রামু, ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রামু সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বলি খেলা শেষে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নাচের দৃশ্য। রঙিন পোশাক, হাসি-খুশি আর তরুণ-তরুণীদের উদ্যমে পুরো কলেজ চত্বর হয়ে উঠেছে আনন্দময়। বলি খেলার পর নাচের এই মুহূর্তটি উৎসবের উৎসাহ আরও বাড়িয়ে তুলেছে।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচসহ নানা আয়োজনে মুখরিত ছিল কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে নতুন বছরের শুভ সূচনা করেছে।
উৎসবে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “পড়াশোনার পাশাপাশি এমন আনন্দময় আয়োজন আমাদের মনে নতুন উদ্যম যোগায়। বলি খেলা ও নাচের মাধ্যমে সবাই একসঙ্গে আনন্দ করতে পেরে খুব ভালো লাগছে।”
রামু সরকারি কলেজের এই বর্ষবরণ উৎসব স্থানীয়ভাবে বাঙালি সংস্কৃতি চর্চা ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।