২৮,০১,২৬ -‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার পর উল্লেখযোগ্য সংখ্যক ভোটদান সম্পন্ন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্য দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে।
এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এই সংখ্যা প্রবাসীদের মধ্যে ভোট প্রদানের প্রতি ব্যাপক আগ্রহের প্রতিফলন যেমন দেখা যাচ্ছে তেমন প্রবাসীদের ভোটের অনীহাও দেখা যাচ্ছে।
প্রবাসী ভোটার নিবন্ধন ও ব্যালট বিতরণ সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যালট পৌঁছানোর পর ভোটাররা নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সের মাধ্যমে ভোট জমা দিচ্ছেন, যা নির্বাচন কমিশনের কাছে ফিরে আসছে।
এই প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোটিং ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। নির্বাচন কমিশনের এ উদ্যোগ প্রবাসীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও বেশি সক্রিয় করতে সহায়ক হচ্ছে বলে মনে করা হচ্ছে।
ভোটদান প্রক্রিয়া চলমান রয়েছে এবং আরও অনেক প্রবাসী ভোটার এতে অংশ নিচ্ছেন।